Published : 21 Jan 2026, 10:05 AM
খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাতের কাছে আবেদন করে নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসাইন মিয়াজী এবং স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা।
এতে এ আসনে ভোটের লড়াইয়ে থাকছেন মোট ১১ জন প্রার্থী।
তারা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা, সমীরণ দেওয়ান (বিএনপি বিদ্রোহী), জামায়াতে ইসলামীর মো. এয়াকুব আলী, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউছার, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির ঊশেপ্রু মারমা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা ও গণঅধিকার পরিষদে দীনময় রোয়াজা।

রির্টানিং কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন, “আমাদের কাছে আবেদন করে খেলাফত মজলিসের আনোয়ার হোসাইন মিয়াজী এবং স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।”
খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন।
তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন।
এ ছাড়া তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছেন।