Published : 01 Nov 2025, 03:59 PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উপ-উপাচার্যের (শিক্ষা) বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বিশমাইল এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন।
নিহত মো. রাকিব (২৬) বিশমাইল এলাকায় বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর উন্নয়ন’ প্রকল্পের আওতায় চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মিত ওই আবাসিক ভবনে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
ওই ভবনের ফ্লোর মিস্ত্রি মো. রাসেল বলেন, শুক্রবার দিনের কাজ শেষে অষ্টম তলার জানালা দিয়ে প্লাস্টার ফেলতে গিয়ে রাকিব ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।
সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে সাভারের ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন ট্রেডার্স থেকে সাব-কন্ট্রাক্ট পাওয়া আজিজ কনস্ট্রাকশনের পক্ষ থেকে রাকিবের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে এবং পরিবারকে দুই লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে জানিয়েছেন আমিন ট্রেডার্সের সাইট ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান।
তিনি বলেন, “দুর্ঘটনার সময় আমি এখানে উপস্থিত ছিলাম না।”
তবে নির্মাণাধীন ভবনের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “বাইরের অংশে যখন কাজ চলছিল তখন সেইফটি নেট ও বেল্ট ছিল। বাইরের অংশের কাজ শেষ হয়ে যাওয়ায় নেটগুলো খুলে ফেলা হয়েছিল।”
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক মো. নাসির উদ্দিনকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
এর আগে গত ১ আগস্টও বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আরিফুল ইসলাম (৪০) নামে আরেক শ্রমিকের মৃত্যু হয়েছিল।
এদিকে ঘটনার পর শুক্রবার রাত ১টার দিকে একদল শিক্ষার্থী উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমানের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন।
তাদের অভিযোগ এর আগে একাধিক শ্রমিক মৃত্যুর পরও প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা নেয়নি।
দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে এবং নির্মাণাধীন ভবনের চারপাশে সেফটি নেট স্থাপন না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
এ ছাড়া, ঘটনাটির পেছনে কোনো অবহেলা ছিল কি না, তা তদন্তে কমিটি গঠনের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।