Published : 15 Jan 2026, 06:35 PM
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় প্রায় ৬৬ লাখ টাকার তিনটি সোনর বারসহ একজনকে আটক করা হয়েছে; যাকে পাচারকারী বলেছে বিজিবি। সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য সীমান্তরক্ষা বাহিনীর।
বৃহস্পতিবার বিকালে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আটক মাহাবুল হোসেন (৪২) উপজেলার মেদিনীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবর পেয়ে বেনীপুর বিওপির একটি টহল দল গোয়ালপাড়া-জীবননগর মহাসড়কের গোয়ালপাড়া এলাকায় অভিযান চালায়। দুপুরে জাকা মোল্লার ইটভাটার পূর্ব পাশের রাস্তায় একটি মোটরসাইকেল থামানো হয়।
পরে চালককে তল্লাশি করে ৩৪৯ দশমিক ৪৯ গ্রাম ওজনের তিনটি সোনার বার জব্দ করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা বলে জানায় বিজিবি।
এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি।
বিজিবির ইমদাদুর রহমান বলেন, আটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া জব্দ করা সোনার বার চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।