১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

ভারত থেকে এল ১৮টি রেলকোচ, আরও আসবে ১৮২টি

কোচগুলোর মধ্যে রয়েছে- ১১টি নন-এসি শোভন চেয়ার, তিনটি এসি চেয়ার, দুটি এসি স্লিপার ও দুটি এসি পাওয়ার কার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 09:28 PM

Updated : 16 Oct 2026, 09:28 PM

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ দেশে পৌঁছেছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে বলে জানান স্টেশন ম্যানেজার মামুনুর রশিদ।

২০০টি রেলকোচ কেনার চুক্তির আওতায় এটি প্রথম চালান। বাকি ১৮২টি কোচ পর্যায়ক্রমে দেশে আসবে।

প্রথম চালানে আসা কোচগুলোর মধ্যে রয়েছে- ১১টি নন-এসি শোভন চেয়ার, তিনটি এসি চেয়ার, দুটি এসি স্লিপার ও দুটি এসি পাওয়ার কার।

মামুনুর রশিদ বলেন, ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালার হুসেনপুর থেকে কোচগুলো নিয়ে যাত্রা শুরু হয়। শুক্রবার ভারতের রানাঘাট স্টেশনে আনুষ্ঠানিকতা শেষে সেগুলো দর্শনায় পৌঁছায়।

পাকশী বিভাগীয় রেলওয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, দর্শনায় প্রাথমিক পরিদর্শন ও শুল্কসংক্রান্ত কাজ শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে কারিগরি পরীক্ষা শেষে সেগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।

রেলওয়ে জানায়, ২০২৪ সালের ২০ মে ভারতের রাইটস লিমিটেডের সঙ্গে ২০০টি ব্রডগেজ কোচ কেনার চুক্তি হয়। পরে ২০২৫ সালের ১১ নভেম্বর চুক্তিটি সংশোধন করা হয়।

কোচগুলো দেশে পৌঁছানোর সময় পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন, অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফয়সাল আহমেদ এবং দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।