Published : 09 Apr 2026, 06:37 PM
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পেরে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।
এ সময় কলেজের প্রধান গেইটে ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে প্রায় পাঁচ ঘণ্টা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন তারা।
পরে ফরম পূরণের আশ্বাস পেলে বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তালা খুলে দেন আন্দোলনকারীরা।
ওই কলেজ শিক্ষার্থী সামছুল আরেফিন মাহিন বলেন, টেস্ট পরীক্ষায় ৩৬০ শিক্ষার্থী অংশ নয়। এতে ৮৭ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ২৬৭ শিক্ষার্থীকে ফরম পূরণে সুযোগ দেওয়া হয়। যারা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন, সভাপতিসহ বিভিন্ন জনের সুপারিশে তারাও ফরম পূরণ করেছেন।
তিনি বলেন, ছয় থেকে সাত বিষয়ে অকৃতকার্যদেরকেও ফরম পূরণ করা হয়েছে। কিন্তু দুই থেকে তিন বিষয়ে অকৃতকার্যদের ফরম পূরণে সুযোগ দেওয়া হয়নি। এ কারণে প্রতিবাদ করছেন তারা।
শিক্ষার্থীদের দাবি, কলেজ কর্তৃপক্ষ তাদের টেস্ট পরীক্ষার নম্বরপত্র দেখায়নি। এ কারণে তারা কলেজ সভাপতির পদত্যাগেরও দাবি তুলেছেন।

শিক্ষার্থী মেহরাজুল ইসলামের মা বলেন, “আমার ছেলে তিন বিষয়ে অকৃতকার্য হয়েছে। কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণ করার কথা বলে আমার থেকে টাকা নিয়েছে। কিন্তু আমার ছেলেকে ফরম পূরণ করানো হয়নি।”
ফরম পূরণের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নূরুল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে দেখা করতে বলে কলেজ থেকে চলে না বলে অভিযোগ এই অভিভাবকের।
এ বিষয়ে জানতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেনকে মোবাইলে কয়েকবার ফোন করা হয়। ফোন না ধরায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
শিক্ষার্থীদের অভিযোগকে অযৌক্তিক দাবি করে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হাসান আহমেদ টিপু বলেন, “ফরম পূরণের সময় শেষ হয়েছে ৩১ মার্চ। এখন তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এমন করছে। আমার সুপারিশে একজনকেও ফরম পূরণ করা হয়নি। প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব।”