১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন

তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

দুর্গাপূজায় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 04:36 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।

শনিবার থেকে এ কার্যক্রম বন্ধ থাকবে ৪ অক্টোবর পর্যন্ত। আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে। 

সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন বলেন, দুই দেশের বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলোর সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি-২ বর্ডার লোকাল ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন, ফুলবাড়ি সি এন এফ অ্যাসোসিয়েশন এবং ফুলবাড়ি ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের যৌথ সভায় দুর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

একইসঙ্গে ৫ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম চালু করারও সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের সময় সরকারি ছুটির দিন বাদে কাস্টমস কার্যক্রম খোলা থাকবে বলে জানান আবুল কালাম আজাদ।

বাংলাবান্ধা ইমিগ্রেশন ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস বলেন, পূজার ছুটিতেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা প্রতিদিন বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাতায়াত করতে পারবেন। 

এ ছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে বন্দর এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।