১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাবিতে গণিত অলিম্পিয়াড ২৮ জুলাই

দুই দিনব্যাপী এই গণিত অলিম্পিয়াডে দেশের ২০০টি শিক্ষা প্রতিষ্ঠানের চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

জাবিতে গণিত অলিম্পিয়াড ২৮ জুলাই

বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে জেইউএসসি সংবাদ সম্মেলন করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 07:45 PM

Updated : 26 Jul 2023, 07:45 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবম জাতীয় গণিত অলিম্পিয়াড ২৮ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ছাড়া ২৯ জুলাই পঞ্চমবারের মতো আয়োজিত হবে জাতীয় বিজ্ঞান মেলা। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (জেইউএসসি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান সংগঠনটির নেতারা।

জাবি গণিত অলিম্পিয়াড-২০২৩ এর এবারের স্লোগান ‘মেধা বিকাশে আপোষহীন, গণিত হোক সার্বজনীন।’ 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শাকিল ইসলাম।

তিনি বলেন, গণিত অলিম্পিয়াড ২৮ জুলাই সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ ভবনে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া পরের দিন শনিবার ‘মস্তিষ্কে বিজ্ঞানের চাষ, সমৃদ্ধ করব মেধার বিকাশ’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত হবে পঞ্চম জাতীয় বিজ্ঞান মেলা-২০২৩।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এবারের গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক তারেক মাহমুদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দুই দিনব্যাপী এবারের গণিত অলিম্পিয়াডে দেশের ২০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতায় বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এবং প্রত্যেক শ্রেণির স্ব স্ব পাঠ্যক্রম থেকে আলাদা আলাদা প্রশ্নপত্র তৈরি করা হবে।

তিনি আরও বলেন, এবারের প্রতিযোগিতায় প্রত্যেক শ্রেণি থেকে মেধার ভিত্তিতে সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হবে।

অন্যদিকে জাতীয় বিজ্ঞান মেলার আহ্বায়ক আল-মামুন তার লিখিত বক্তব্যে বলেন, পঞ্চম জাতীয় বিজ্ঞান মেলায় সারা দেশের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

এতে সায়েন্স কুইজ, ফোর মিনিট প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, রুবিক্স কিউব, সায়েন্স ওপেন স্পিচসহ মোট ছয়টি পর্বে প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবে।

তিনি বলেন, এরমধ্যে সায়েন্স কুইজে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা ক্যাটাগরিতে এবং প্রজেক্ট শোকেসিংয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে একটি ক্যাটাগরি এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো আলাদা একটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, প্রতিটি পর্বে নির্দিষ্ট ফি প্রদানপূর্বক একজন শিক্ষার্থী একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রত্যেক পর্বের বিজয়ী এবং প্রথম রানার আপকে পুরস্কৃত করা হবে। 

জাবি সায়েন্স ক্লাব ২০১৪ সাল থেকে গণিত অলিম্পিয়াড ও ২০১৭ সাল থেকে বিজ্ঞান মেলার আয়োজন করে আসছে।