মাদারীপুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
মাদারীপুর সদর উপজেলায় যৌতুক না পেয়ে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রোববার রাতে উপজেলার উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ।
নিহত সুমি আক্তার ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে। ঘটনার পর থেকে সুমির স্বামী আকবর হাওলাদার পলাতক রয়েছেন।
পুলিশ ও স্বজনরা জানান, প্রায় আড়াই বছর আগে উত্তর ঝিকরহাটি এলাকার ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।
সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের জন্য সুমিকে চাপ দেওয়া হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রায়ই মারধর করা হত বলে অভিযোগ সুমির পরিবারের।
পরিবারের দাবি, রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সুমির গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে আকবর পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
ওসি আজাদ বলেন, “এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।
