১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক

এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে পলাশকে আটক করে বিজিবি।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 06:06 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ সময় তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার জব্দ করা হয়। 

সোমবার দুপুরে বন্দরের আইসিপি চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েতুল ওয়ারেস।

আটক পলাশ চন্দ্র মাঝি (৪০) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা।

বিজিবি জানায়, পলাশ ভারতে যাওয়ার উদ্দেশে চেকপোস্টে উপস্থিত হন। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে পলাশকে আটক করে বিজিবি। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আনুমানিক ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

বৈধ কাগজপত্র ছাড়া বিপুল বৈদেশিক মুদ্রা বহনের অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।