Published : 20 Mar 2026, 01:38 PM
গাজীপুরে ঈদের আগের দিনও মহাসড়কে ঘরমুখো মানুষ দেখা গেছে। তবে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক গতিতে থাকলেও যাত্রী সংকটের কারণে কিছু বাস নির্ধারিত সময়ে রওনা দিতে পারছে না।
শুক্রবার সকাল ৭টার দিকে নগরীর চান্দনা চৌরাস্তা ও ভোগড়া পেয়ারা বাগান এলাকায় বহু যানবাহন সড়কের পাশে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
চন্দ্রা ত্রিমোড় এলাকায়ও উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই ব্যস্ততম স্থানে তেমন ভিড় দেখা যায়নি।
চান্দনা-চৌরাস্তা পয়েন্টে মহাসড়কের পাশে গাড়ি পার্কিং ও যত্রতত্র যাত্রী উঠানামা করায় যানবাহনের কিছু জটলা সৃষ্টি হয়। তখন সেখানে যানবাহন চলাচল কিছুটা ধীর গতি ছিল।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল ৯টার দিকে যানবাহনের চাপ কমে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
ভোগড়া পেয়ারা বাগান এলাকায় শ্যামলী কাউন্টারের কর্মকর্তা বাচ্চু মিয়া বলছিলেন, “গত কয়েকদিন ঈদে ঘরমুখো যাত্রীদের প্রচণ্ড চাপ ছিল, শুক্রবার অনেকটা ফাঁকা। গণপরিবহন থাকলেও যাত্রীসংখ্যা খুবই সীমিত।”

যাত্রী সংখ্যা কম থাকায় নির্ধারিত সময়ে চালকরা বাস ছাড়তে পারছেন না বলে জানান বাচ্চু মিয়া।
নাওজোর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সওগাতুল আলম বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার বিকাল থেকেই চন্দ্রা ত্রিমোড় ও আশেপাশের এলাকার যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। শুক্রবার সকাল থেকে এ স্থান দিয়ে স্বাভাবিক গতিতে চলছে গাড়ি।
তিনি বলেন, কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

গাজীপুরের মাওনা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটা পর্যন্ত ঈদে ঘরমুখো মানুষের ভিড় ছিল এবং গাড়িরও চাপ ছিল। কিন্তু এরপর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে।
রংপুরগামী যাত্রী স্থানীয় ব্যবসায়ী আব্দুল হামিদ বলেন, পরিবারের অন্য সদস্যদের আরও দুই দিন আগেই রংপুর পাঠিয়ে দিয়েছেন। ব্যক্তিগত প্রয়োজনে তিনি যেতে পারেননি। শুক্রবার রংপুর যাওয়ার জন্য রওনা হয়েছেন।
যানজট না থাকায় খুব তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

গাজীপুর মহানগর পুলিশের এডিসি (ট্রাফিক) অমৃত সূত্রধর বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ঘরমুখো মানুষের ভিড় থাকলেও এরপর থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন স্বাভাবিকের চেয়েও কম ছিল। শুক্রবার সকালে কিছু মানুষ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও তাদের কোনো ভোগান্তি নেই।
শুক্রবার সকালে যানজট প্রবণ এলাকা চান্দনা চৌরাস্তা থেকে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে চলে যাচ্ছে বলে জানান তিনি।