২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ভোটকেন্দ্রের ভেতর যেতে পারবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

“ভোটকেন্দ্রে কোনও ধরনের সমস্যার সৃষ্টি করলে, তা কঠোর হাতে দমন করা হবে। নির্বাচনে বাঁধা প্রদানকারীদের কোনও প্রকার ছাড় নেই।”

ভোটকেন্দ্রের ভেতর যেতে পারবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 04:05 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

ভোটকেন্দ্রে কোনও ধরনের সমস্যা হলে তা নিয়ন্ত্রণে কেন্দ্রের ভেতর সশস্ত্র বাহিনীর সদস্যরা যেতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেছেন, “আগে কখনো সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে ভেতর যেতে পারতো না, এবার তাদের সেই সুযোগ দেওয়া হয়েছে।

“ভোটকেন্দ্রে কোনও ধরনের সমস্যার সৃষ্টি করলে, তা কঠোর হাতে দমন করা হবে। নির্বাচনে বাঁধা প্রদানকারীদের কোনও প্রকার ছাড় নেই।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে মঙ্গলবার দুপুরে ফরিদপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এদিন বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার জেলা প্রশাসন, পুলিশ সুপার, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব ছাড়াও নির্বাচনের কাজে দায়িত্ব পাওয়া কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাছিমুল গণি। করেন। সভা শেষে নির্বাচন নিয়ে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। 

তিনি বলেন, “এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল, নির্বাচন শান্তিপূর্ণ হবে। ইতিহাসে এত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কোনও নির্বাচনে ব্যবহার হয়নি। এবারের নির্বাচন যে-কোন সময়ের চেয়ে সুষ্ঠুভাবে হচ্ছে। আমি সকলের কাছে দোয়া চাই।”

বোরকা পরে ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়টি নির্বাচন কমিশন পরিষ্কার করেছে। প্রত্যেক ভোটকেন্দ্রে মহিলা আনসার সদস্য থাকবেন, সন্দেহ হলে প্রয়োজনে ব্যবস্থা নেবেন তারা।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) আব্দুল হাফিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাছিমুল গণি, পুলিশ মহাপরিদর্শক, পুলিশের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, র‌্যাবের মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।