Published : 24 May 2026, 01:30 PM
ঝালকাঠির নলছিটি উপজেলায় ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। এসময় তার সহকারী গুরুতর আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খেজুরতলা–মানপাশা সড়কের বিরাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি আরিফুল আলম।
নিহত চালক মো. হানিফ মাঝি (৩৮) বরিশালের বারেকগঞ্জ উপজেলার বাখরকাঠি গ্রামের সুলতান মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে সিদ্ধকাঠির ফুলতলা বাজার থেকে খালি ট্রলি নিয়ে বালু আনতে খেজুরতলার দিকে যাচ্ছিলেন হানিফ মাঝি। পথে বিরাট এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রলি চাপায় চালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন সঙ্গে থাকা হেলপার।
ওসি আরিফুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরে তা ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।