১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচন নিয়ে নাগরিকদের শঙ্কা দূর করতে হবে: দেবপ্রিয়

“আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে নাগরিক ইশতেহার তৈরির কাজ চলছে।”

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

নির্বাচনকে ঘিরে নাগরিকদের মধ্যে তৈরি হওয়া শঙ্কা দূর করতে সরকারকে পদক্ষেপ নিতে বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে নাগরিকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা দূর করে আস্থা ফিরিয়ে আনতে সরকার এবং নির্বাচন কমিশনকেই যথাযথ পদক্ষেপ নিতে হবে। 

বৃহস্পতিবার খুলনা নগরের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নাগরিকদের কণ্ঠস্বর রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দিতে হবে। তাই আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে নাগরিক ইশতেহার তৈরির কাজ চলছে। 

তিনি আরও বলেন, শুধুমাত্র ইশতেহারে সংযুক্ত হলেই তা বাস্তবায়িত হয় না; তাই সবারই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

চট্টগ্রাম বন্দর বিষয়ে প্রশ্নের জবাবে এই অর্থনীতিবিদ বলেন, “অর্থনৈতিক সংস্কার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বন্দর ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে। এ জন্য বৈদেশিক বিনিয়োগের প্রয়োজন হতে পারে। 

“কিন্তু সঠিক সংস্কার যদি বেঠিক পদ্ধতিতে হয়, তাহলে সংশ্লিষ্ট সংস্থা কাঙ্ক্ষিত ফল দিতে পারে না। বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে যে অস্বচ্ছতা ও ধীরগতি দেখা যাচ্ছে, তার কারণে আমরা সুফল থেকে বঞ্চিত হব।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানুষের প্রত্যাশা ও প্রত্যাশা পূরণের পদ্ধতি নিয়ে এই নাগরিক সংলাপ করা হয়। সাত বিভাগীয় শহরসহ গুরুত্বপূর্ণ জেলা সদরে একই ধরনের পরামর্শ সভা আয়োজন করছে নাগরিক প্ল্যাটফর্ম।

খুলনার সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতা, নানা শ্রেণি-পেশার বিশিষ্টজন অংশ নেন। সেখানে কর্মসংস্থান, উপকূলীয় মানুষের সুবিধা বৃদ্ধি, সুন্দরবন সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ নানা দাবি উঠে আসে।