Published : 23 Jan 2026, 06:43 PM
বগুড়ার সাতটি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে লড়ছেন বাসদের দিলরুবা নুরী।
জেলা বাসদের সদস্যসচিব আইনজীবী এই নারী বগুড়া-৬ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাদামাটা এই প্রার্থী কখনও হেঁটে হেঁটে, কখনও পিকআপ ভ্যানে মাইক বেঁধে প্রচার চালিয়ে যাচ্ছেন। যেখানেই মানুষের জটলা দেখছেন সেখানেই নেমে ভোট প্রার্থনা করছেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার রয়েছেন ১০ জন। এ আসনে নারী ভোটার সংখ্যা বেশি।

১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এই আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর শহর শাখার আমির আবিদুর রহমান (সোহেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নোমান মো. মামুনুর রশিদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকি নির্বাচন করছেন।
ভোটের বিষয়ে জানতে চাইলে আইনজীবী দিলরুবা নুরী বলেন, “বগুড়ায় অর্ধেকের বেশি নারী ভোটার হলেও তাদের বেশির ভাগ ভোটের বিষয়ে সচেতন নয়। নারী অধিকার নিয়েও তারা অবহিত না। এ ছাড়া পুরুষ ভোটারও আছেন, যারা ভাবেন নারী মানেই সংরক্ষিত। নারীরা কেন জনসম্মুখে আসবে, তারা কেন ভোটে দাঁড়াবে- এমন বাধাও আছে। তবে, নির্যাতিত-নিপীড়িত নারী সমাজ আমাকে গ্রহণ করেছে।”
বাসদের এই প্রার্থী নিজের জয়ের ব্যাপারে আশাবাদী।