Published : 21 May 2026, 11:50 AM
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আরও এক শিশুর প্রাণ গেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ জানান, বুধবার বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাম আইসোলেশন ইউনিটে’ শিশুটির মৃত্যু হয়।
মৃত সামিয়া আক্তার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে।
কুমিল্লায় জানুয়ারি থেকে এ পর্যন্ত দশজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে এক জনের এবং হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে হয়েছে বলে ডা. পিয়াস আহমেদ জানিয়েছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বলেছেন, “শিশুটি ৫-৬ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিকাল সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।”
তিনি বলেন, “আমরা বারবার অনুরোধ করছি, শিশুদের সামান্য উপসর্গ দেখা দিলেও দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে আসুন। দেরি করলে শেষ মুহূর্তে হাসপাতালে এসেও অনেক সময় দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়।”
জ্বর, শ্বাসকষ্ট, দুর্বলতাসহ যেকোনো ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত কাছের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন এ চিকিৎসক।