Published : 10 Jul 2026, 08:55 PM
টানা ভারি বৃষ্টির কারণে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বান্দরবানে পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ আরও তিন দিন বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে জেলা প্রশাসন।
শুক্রবার রাতে বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারি বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির আশঙ্কা সৃষ্টি হয়েছে। আবহাওয়া পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকির বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় জেলার সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
একই সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে ৬ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিন জেলার সকল পর্যটনকেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছিল স্থানীয় প্রশাসন। এর মধ্যে আবহাওয়া পরিস্থিতি আরও অবনতি হওয়ায় ৮ জুলাই আবার বিজ্ঞপ্তি দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আরও দুদিন বাড়ানো হয়।
শুক্রবার পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় এবার তৃতীয় বারের মত ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার ঘোষণা করা হলো।
তবে এদিন বিকাল পর্যন্ত জেলায় ভারি কোনো বৃষ্টিপাত হয়নি। সকাল থেকে আবহাওয়া শুষ্ক দেখা গেছে। বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। তবে শহরে সাঙ্গু নদী তীরবর্তী বাসিন্দারা এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
বিভিন্ন সড়কে পাহাড় ধস ও পানি জমে থাকায় জেলা শহর থেকে কয়েকটি উপজেলায় সরাসরি যান চলাচলও বন্ধ রয়েছে। ছেড়ে যায়নি দূরপাল্লা কোনও বাসও। তবে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল ও জিপ গাড়িতে করে ভেঙে ভেঙে যেতে দেখা গেছে যাত্রীদের।