১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যমুনায় সরকারি ওষুধ ফেলার সময় এলাকাবাসীর হাতে পিকআপ চালক আটক

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান সিভিল সার্জন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 07:33 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে সরকারি ওষুধ ফেলার সময় এক পিকআপ চালককে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

উপজেলার গোবিন্দাসী এলাকার যমুনার তীর থেকে বুধবার রাতে পিকআপভর্তি ওষুধসহ চালককে আটক করা হয় বলে জানান ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম।

পুলিশ জানায়, রাতে একটি পিকআপে করে সরকারি ওষুধ নিয়ে যমুনার তীরে যান চালক। ওষুধগুলো নদীতে ফেলার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। 

পরে তারা চালককে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে চালকসহ পিকআপটি থানায় নিয়ে যায়।

পরে থানায় পিকআপে থাকা ২০টি বস্তা খোলা হয়। পুলিশের ভাষ্য, পিকআপে আরও বস্তা ছিল।

পিকআপের চালক ও মালিক আজমত বলেন, ওষুধগুলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সরকারি হাসপাতালের। এর আগেও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করে ওষুধ ফেলার দায়িত্ব পেয়েছিলেন তিনি। তখন ঘাটাইলের বনাঞ্চলে নিয়ে ওষুধগুলো ফেলে দেওয়া হয়েছিল। 

এবারও একইভাবে ওষুধ ফেলার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

ওসি এ কে এম রেজাউল করিম বলেন, বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। 

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু নইম মোহাম্মদ সোহেল বলেন, স্টোরকিপারসহ জড়িতদের শোকজ করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হবে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।