Published : 11 Jun 2026, 02:02 PM
মাদারীপুরের রাজৈরে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের তিন যাত্রী।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাতিকান্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম।
নিহত শামীম মুন্সী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ইজিবাইকে যাত্রী নিয়ে কবিরাজপুর থেকে টেকেরহাট যাচ্ছিলেন শামীম। পথে তাঁতিকান্দায় আসলে বিপরীত দিকে থেকে আসা রিপন ট্রান্সপোর্টের একটি পিকাপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
সেখানে চিকিৎসক ইজিবাইক চালক শামীম মুন্সীকে মৃত ঘোষণা করেন এবং অপর আহত তিনজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় পিকাপটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম।