খাগড়াছড়িতে বেশি দামে এলজিপি গ্যাস বিক্রি, জরিমানা
“প্রাথমিকভাবে তিনটি দোকানে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।”
খাগড়াছড়িতে ১২ কেজি এলপিজি গ্যাস সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে খাগড়াছড়ি বাজারে এ অভিযান চালান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল।
এ সময় বসুন্ধরা এলপিজি গ্যাসের ডিলার মেসার্স জননী ট্রেডার্স, মেসার্স এস ডি ট্রেডার্স এবং মেসার্স মাহফুজা ট্রেডার্সকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল বলেন, “সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে, খবর পেয়ে আমরা অভিযান চালাই। দোকানগুলোরতে মূল্য তালিকা পাইনি। তাদের মূল্য তালিকা লাগাতে বলা হয়েছে।
“প্রাথমিকভাবে তিনটি দোকানে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। আগামীতে আমাদের এ অভিযান আরও জোরদার করা হবে।”
এ সময় ভোক্তা অধিকার সংগঠন কাউন্সিল অব কনজিউমার রাইটসের সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ ও পুলিশ সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।
