গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র নিহত
কানে হেড ফোন লাগিয়ে রেললাইন পারাপারের সময় সে ট্রেনে কাটা পড়ে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার চরপাথালিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বোড়াশী রেল স্টেশনের ম্যানেজার রত্না বেদ্য জানান।
নিহত ১৯ বছর বয়সী সাকিল আহম্মেদ ফয়সাল সদর বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে।
সে গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পাশ করেছে।
সাকিল কানে হেড ফোন লাগিয়ে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে নিহত হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী চরপাথালিয়া গ্রামের মজিবর শেখ।
বোড়াশী রেল স্টেশন ম্যানেজার রত্না বেদ্য বলেন, সদর উপজেলার গোবরা রেল স্টেশন থেকে ছেড়ে রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাঁটা পড়ে ওই ছাত্র নিহত হয়। পরে রেল পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে রেলপুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে বলে জানান এ কর্মকর্তা।
