Published : 07 Sep 2026, 07:34 PM
সিলেট নগরীতে একটি ভাড়া বাসা থেকে এক চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে নগরের মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সিলেট কোতোয়ালি থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানিয়েছেন।
নিহত পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) মৌলভীবাজারের পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে। তিনি বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন। তার স্ত্রীও পেশায় চিকিৎসক।
ওসি মাইনুল জাকির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোববার তারা ভাড়া বাসায় উঠেছেন।
তিনি বলেন, পদ্মজিৎ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।