Published : 21 May 2026, 03:24 PM
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নয় নারীকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
নিখোঁজ আঙ্গুরী বেগম (৪০) গোসাইবাড়ী গুচ্ছগ্রাম এলাকার লাল মিয়ার স্ত্রী।
ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, ১০ নারী শ্রমিক ভুট্টা ক্ষেতে কাজ করতে নৌকায় করে শানবান্ধা চরে গিয়েছিলেন। বৃষ্টি শুরু হলে তারা বাড়ি ফেরার জন্য রওনা দেন। পথে বানিয়াজান স্পারের কাছে হঠাৎ ঝড় উঠলে নৌকাটি ডুবে যায়।
স্থানীয় বাসিন্দা জুয়েল বাবু বলেন, ঘাস নিয়ে নৌকায় ফেরার পথে তিনি কয়েকজন নারীকে নদীতে ভাসতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে নিজের নৌকায় তোলেন।
ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছেছেন। নয়জনকে উদ্ধার করা হলেও আঙ্গুরী বেগম নিখোঁজ হন। তাকে উদ্ধারে অভিযান চলছে। ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছে।