কুড়িগ্রামে প্রথমবার পেঁয়াজ বীজ উৎপাদন
কৃষি বিভাগ বলছে, চাষ ছড়িয়ে দিতে পারলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।
কুড়িগ্রামে প্রথমবারের মত পেঁয়াজ বীজ উৎপাদন শুরু হয়েছে। আগে এ অঞ্চলে ধান ও আলু হলেও পেঁয়াজ চাষ ও বীজ উৎপাদনে আগ্রহ বাড়ছে চাষিদের।
বৃহস্পতিবার কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
তিনি বলেন, “কুড়িগ্রামের মাটি ও আবহাওয়া এ ফসল উৎপাদনের জন্য বেশ উপযোগী। আগ্রহী কৃষকদের কৃষি বিভাগ থেকে কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে।”
রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের কৃষক রাসেল আহমেদ ধান ও আলু চাষ করতেন। তবে কয়েক বছর ধরে এসব ফসলে লাভ না হওয়ায় তিনি প্রথমবার পলিক্রস জাতের পেঁয়াজ বীজ উৎপাদনের উদ্যোগ নেন।
ডিসেম্বরে ৬০ শতক জমিতে পেঁয়াজ চাষ শুরু করেন কৃষক রাসেল। তিনি বলেন, “যদি এখান থেকে ভালো কিছু হয়, তাহলে আগামীতে আরও বড় পরিসরে করব। ফলন উঠবে এপ্রিল-মে মাসে।”
কৃষি বিভাগ বলছে, এই চাষ ছড়িয়ে দিতে পারলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।
সদর ইউনিয়নের ছাটমাধাই গ্রামে গিয়ে দেখা যায়, কৃষক রাসেলের জমিতে কাজ করছেন ১০ থেকে ১২ জন নারী-পুরুষ। এখন চলছে পরিচর্যা।
কাজের ধরন অনুযায়ী শ্রমিকরা দৈনিক ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত মজুরি পাচ্ছেন।
স্থানীয়রা বলছেন, এলাকায় এ ধরনের চাষাবাদ বাড়লে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান তৈরি হবে।
