বরিশালে নাতনীকে আনতে স্কুলে গিয়েছিলেন দাদী, ফেরা হলো না কারোই
ওসি বলেন, ঘটনার পর বাসসহ চালক পালিয়েছে। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।
বরিশালের উজিরপুরে বরিশাল-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক বৃদ্ধা ও তার নাতনীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি মো. মহসিন হোসেন জানিয়েছেন।
নিহতরা হলেন- পশ্চিম জয়শ্রী গ্রামের বাসিন্দা মৃত কাজি পান্নু মিয়ার স্ত্রী রোকসনা ইয়াসমিন (৬৫) ও তার ছেলে মালয়েশিয়া প্রবাসী রুবেল কাজীর মেয়ে আরফা (৭)।
স্থানীয়দের বরাতে ওসি মহসিন হোসেন বলেন, শিশু আরফা পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন দাদী রোকসনা ইয়াসমিন।
স্কুল শেষে বাড়ি ফেরার পথে জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়।
এতে দুই জনই গুরুতরভাবে আহত হয়। তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘটনার পর বাসসহ চালক পালিয়েছে। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
