খাগড়াছড়িতে ৮ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক।
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কুমিল্লাটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানিয়েছেন।
গ্রেপ্তার ৪৫ বছর বয়সী মোহাম্মদ আবুল কালাম ওই এলাকার মোহাম্মদ ইউনুস মিয়ার ছেলে এবং খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
ওসি কায় কিসলু বলেন, “বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি সদর থানা পুলিশের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।
“তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানা ছাড়াও বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে।”
আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে তোলা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
