Published : 10 Sep 2026, 07:33 PM
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৩৮০ জন পরীক্ষার্থী; আর নতুন করে জিপিএ ৫ পেয়েছে ১৮২ জন।
বৃহস্পতিবার সকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী আনুষ্ঠানিকভাবে খাতা পুনর্নিরীক্ষণের এই নতুন ফলাফল প্রকাশের কথা জানান।
তিনি বলেন, যশোর বোর্ডে এ বছর ২৮ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী মোট ৭৪ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। পুনর্নিরীক্ষণ শেষে মোট ১ হাজার ৬৮৪ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে এবং আবেদনের ভিত্তিতে ফল পরিবর্তনের হার দাঁড়িয়েছে ২ দশমিক ২৫ শতাংশ।
বোর্ডের তথ্য অনুযায়ী, ফেল থেকে পাস করা ৩৮০ জনের মধ্যে একজন এ গ্রেড, ৩ জন এ-মাইনাস, ৩৩ জন বি গ্রেড, ১৯ জন সি গ্রেড এবং ৩২৪ জন ডি গ্রেড পেয়েছেন।
এ ছাড়া বিভিন্ন গ্রেড থেকে নতুন করে ৭৫২টি খাতায় এ-প্লাস যুক্ত হওয়ায় যশোর বোর্ডে মোট জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৬০ জনে।
১০ অগাস্ট প্রকাশিত মূল ফলাফলে যশোর বোর্ডে মোট জিপিএ ৫ পেয়েছিল ১১ হাজার ৪৭৮ শিক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, এবারের খাতা পুনর্নিরীক্ষায় প্রথমবারের মতো প্রতিটি খাতা পুনরায় মূল্যায়ন করা হয়েছে। যেসব শিক্ষকের গাফিলতি বা ত্রুটির কারণে ফলাফলে এ ধরনের ভুল এসেছে, তাদের বিরুদ্ধে পরীক্ষা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগামী পরীক্ষার কোনো খাতা মূল্যায়নের দায়িত্বে তাদের রাখা হবে না।