Published : 05 May 2026, 05:44 PM
পাবনা শহরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের নন্দের গলি এলাকার ‘লাকী হোটেলের’ তিনতলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পাবনা সদর থানার ওসি মো. তারিকুল ইসলাম জানিয়েছেন।
নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলছে, দুপুর থেকে হোটেলটির আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পাবনা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে হোটেলের একটি কক্ষ থেকে ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন।
ওসি তারিকুল বলেন, “সিআইডি ও পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। হোটেল কর্তৃপক্ষ পলাতক থাকায় ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।