১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘আমার নাতিকে কেউ টাকা ধার দেবেন না’, এলাকায় দাদার মাইকিংয়ে হাস্যরস

মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 06:49 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

নরসিংদীর মনোহরদী উপজেলায় নাতিকে টাকা ধার না দিতে এলাকাবাসীকে মাইকিং করে সতর্ক করেছেন দাদা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার বিকালে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন।

দাদা করম আলী ব্যাপারী ওই এলাকার বাসিন্দা। তার নাতির নাম মো. মাহাবুব মিয়া।

মাইকিংয়ে বলা হয়, “দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে, এলাকাবাসী লক্ষ্য করে শুনুন- নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে কোনো দোকান বাকি, লেনদেন বা টাকা ধার দেবেন না। নিষেধ করার পরও কেউ লেনদেন করলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, মাহাবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরে সেই টাকা পরিশোধের দায় দাদা করম আলী ব্যাপারীর ওপর দিতেন। এ কারণে অতিষ্ঠ হয়ে দাদা মাইকিং করে নাতির সঙ্গে লেনদেন না করার সতর্কবার্তা দিয়েছেন।

মাহাবুবের মাদকাসক্তির বিষয়ে এলাকায় আলোচনা রয়েছে জানিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, তবে অন্য কোনো অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য তার জানা নেই।