Published : 17 Dec 2022, 02:53 PM
ভোলার চরফ্যাশন উপজেলায় এক ব্যক্তির বসতঘর আগুনে পুড়ে গেছে।
ঘরের মালিক শাকিল সিকদারের দাবি, আগুনে তার প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়েছে।
উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সিকদার বাড়িতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান লিখন জানান।
শাকিল বলেন, “লাকড়ির চুলায় পিঠা তৈরি করে ঘুমিয়ে যাই। রাত সাড়ে ১২টার দিকে বসতঘরের পিছনে রান্না ঘরে হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

“আগুন লাগার পর ঘর থেকে কোন মালামাল বের করতে পারিনি। সন্তানদের নিয়ে ঘরের বাইরে চলে আসি। আগুনে আমার প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।” যোগ করেন তিনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আসাদুজ্জামান লিখন বলেন, “রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।”