ঠান্ডায় জবুথবু দেশ
পৌষের শেষ দিনে কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জবুথবুর দেশ। সারা দেশের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে সূর্যের দেখা তেমন একটা মিলছে না। সন্ধ্যার পরেই নেমে যাচ্ছে তাপমাত্রার পারদ। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। কুয়াশায় ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। অব্যাহত এই শীতে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তরা ভিড় করছেন হাসপাতালে। সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের পাশাপাশি কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। এ সময়টায় যতটা সম্ভব ঘরের ভেতর থাকা এবং শরীরকে সব সময় গরম রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি সব সময় গরম খাবার খাওয়া, গরম পানি পান করার কথা বলছেন তারা।
