কুড়িগ্রামে ‘জাল ভোট’ দেয়ায় যুবকের কারাদণ্ড, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
রুদ্রুকে পাঁচ বছরের কারাদণ্ড এবং একই সঙ্গে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় একটি কেন্দ্রে জাল ভোট দেয়ায় একজনকে পাঁচ বছরের কারাদণ্ড এবং দায়িত্বে অবহেলার অভিযোগে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম-৩ আসনের ওই উপজেলার বড়াবুড়ি ইউনিয়নের মন্ডলহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম লিটন চন্দ্র রায় বলে উলিপুর থানার ওসি গোলাম মুর্তজা জানান।
দণ্ডিত মাহাতাব হোসেন রুদ্রু (২২) ওই উপজেলার রামেশ্বর গ্রামের বাসিন্দা। প্রত্যাহার হওয়া প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমান ওই কেন্দ্রের দায়িত্বে ছিলেন।
ওসি গোলাম মুর্তজা বলেন, ভয়ভীতি প্রদর্শন করে ওই কেন্দ্রে নৌকা মার্কায় জাল ভোট দিতে গেলে রুদ্রুকে আটক করে পুলিশ।
তিনি আরও বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক জ্যেষ্ঠ বিচারিক হাকিম লিটন চন্দ্র রায় ঘটনাস্থলে এসে আদালত বসিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন।
“এ সময় রুদ্রু দোষ স্বীকার করায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং একই সঙ্গে তিন হাজার টাকা জরিমানা; অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।”
একই সঙ্গে ঐ কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমানকে প্রত্যাহার করা হয়।
গ্রেপ্তার রুদ্রু এবং প্রত্যাহার করা প্রিজাইডিং কর্মকর্তা থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
