০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

পিরোজপুরে সেতুর লোহার পাইপ চুরির সময় বিএনপি নেতাসহ আটক ৯

স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 07:27 PM

Updated : 05 Oct 2026, 07:33 PM

পিরোজপুর সদর উপজেলায় অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নিচ থেকে লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ নয়জনকে আটক করেছে পুলিশ।

রোববার গভীর রাতে উপজেলার বেকুটিয়া সেতু এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম।

আটকদের মধ্যে শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত বেপারী রয়েছেন। বাকি আটজনের পরিচয় জানায়নি পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী।

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে হেমায়েত বেপারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি মো. শরিফুল ইসলাম বলেন, “গভীর রাতে সেতুর নিচ থেকে সরকারি মালামাল চুরির সময় হাতেনাতে নয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”