সিত্রাং: মাদারীপুরে ৫’শ হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত
জেলা প্রশাসক জানান, দ্রুতই ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা করে ঊর্ধবতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে মাদারীপুরে ভারি বৃষ্টিপাতে পাঁচশ হেক্টর জমির আমন ধান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ তথ্য জানিয়ে মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দ্বিগ্ববিজয় হাজরা জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে যে সকল কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে।
“আমরা খুব দ্রুতই পূর্ণাঙ্গ তালিকা করে ঊর্ধবতন কর্তৃপক্ষের কাছে পাঠাব। পরে সরকারি ভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের কোন প্রণোদনা দেওয়া হলে আমরা তা তালিকাভুক্ত কৃষকদের প্রদান করবো।”
মাদারীপুর সদর, ডাসার, শিবচর, রাজৈর ও কালকিনি উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকার আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে থাকতে দেখা গেছে। কিছু কিছু জমির পাকা আমন ধান ও কিছু কিছু জমির কাঁচা ও আধা কাঁচা আমন ধান নষ্ট হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে প্রণোদনা দাবি করছেন তারা।
ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের কৃষক মকবুল হোসেন মল্লিক, রাসেল মল্লিক জানান, সিত্রাংয়ের প্রভাবে তাদের গ্রামের আমন চাষিদের ধান হেলে পড়েছে, কারো কারো ধান তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।
একই গ্রামের কৃষক ইউনুস মোড়ল বলেন, “বিশ বিঘা জমির আমন ধান তলিয়ে নষ্ট হওয়ায় আমরা ক্ষতির মুখে পরেছি। সরকার আমাদের যদি অনুদান দেয়, তাহলে এই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যাবে।”
এদিকে সিত্রাংয়ের প্রভাবে মাদারীপুরে দুইদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন নাগরিকরা। এতে পানির সংকট তৈরি হয়। বন্ধ ছিলো ইন্টারনেট সংযোগও। ঝড় কেটে যাওয়ার পর মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়া শুরু করেছে।
বরগুনায় মৎস ও প্রাণী খাতে কোটি টাকার ক্ষতি
সিত্রাংয়ের প্রভাবে বেড়িবাঁধ আওতার বাহিরে এবং নিচু স্থানের ৪৫৭টি মাছের খামার ও ৩৮টি পুকুরের ৮২ মেট্রিকটন মাছ ভেসে গেছে বলে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দে জানিয়েছেন।
বরগুনা সদর, তালতলী ও পাথরঘাটা উপজেলায় এ সব ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এছাড়া পোনা মাছ ও অবকাঠামোগত ক্ষতিসহ মৎস্য খাতে ১ কোটি ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
জেলার ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, একটি মহিষ, তিনটি ছাগল এবং ৭২০টি মুরগি সিত্রাংয়ের আঘাতে মারা গেছে। ৩৬৮ একর চারণভূমি প্লাবিত হয়েছে। ১৯০টন খড় এবং ২৫১ টন ঘাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১৪ লাখ ৮৮ হাজার টাকা।
বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু সৈয়দ জুবায়েদুল আলম বলেন, “বৃষ্টি আর জোয়ারের পানিতে আমন ফসলের উপকার হয়েছে। ফুল না আসায় আমনের ক্ষতি হয়নি। আমনের ফুল এলে ফুল ঝড়ে গিয়ে সকল ধানই চিটা হয়ে যেত।”
তিনি বলেন, তাদের পরিসংখ্যানে সিত্রাংয়ের প্রভাবে জোয়ারের পানি আর বৃষ্টিতে ২০ হেক্টর জমির সবজি এবং ৪ হেক্টর জমির পানের বরজের ক্ষতি হয়েছে।
পিরোজপুরে ৩২৯ পুকুরের মাছ ভেসে গেছে
সিত্রাং-এ পিরোজপুরের কোথাও প্রাণহানি হয় নাই। বৃষ্টি ও জোয়ারের পানি স্থায়ী হলে কৃষি ক্ষেত্রে ৬৪ হাজার হেক্টর জমির আমন ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। মৎস্য ক্ষেত্রে ৩২৯টি পুকুর থেকে মাছ বের হয়ে গেছে এবং ৪০ হেক্টর জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এসব কথা জানান।
তিনি বলেন, “আমরা ঘূর্ণিঝড় সিত্রাং কাটিয়ে উঠেছি। বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খোঁজ পাওয়া যায়নি। তবে গাছপালা পড়ে ও বাতাসে যে ক্ষয়ক্ষতি হয়েছে তালিকা করে তাদের সহযোগিতা প্রদান করা হবে। জেলার ২৬১ টি সাইক্লোন শেল্টারে প্রায় ৫০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।”
এ সময় জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সতর্ক করে আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়েছে। এছাড়া দুর্যোগ পরবর্তী সময়েও তারা কাজ করছে।
ৎঅতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনসহ বিভিন্ন দপ্তর প্রধান ও স্থানীয় সংবাদকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ভোলা কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবীদ হাসান ওয়ারেসুল কবির জানান, সিত্রাং এর ঝড়ে আমন ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। কোথাও গাছ শুয়ে পড়েছে। ঝড়ে কলা বাগানের কিছু ক্ষতি হয়েছে।
“আমনের ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছি। ২/১ দিনের মধ্যে জানানো যাবে।”
