১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সচিব, পুনর্বাসনের আশ্বাস

“যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি বিশেষ নজর দেওয়া হবে।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 06:44 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। 

ঘটনার দেড় মাস পর বুধবার দুপুরে সদর উপজেলার স্বনির্ভর বাজার ও গুইমারা উপজেলার রামেসু এলাকা ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে সচিব বলেন, “সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্বত্য উপদেষ্টাও বিষয়টি অবগত আছেন। যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি বিশেষ নজর দেওয়া হবে।”

এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারি, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ পুলিশ কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ২৩ সেপ্টেম্বর রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। ওইদিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনরা। 

এ ঘটনার প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে অবরোধ ডাকা হয়। পরদিন তিন পার্বত্য জেলায় অবরোধের ডাক দেয় সংগঠনটি।

অবরোধের মধ্যে ২৮ সেপ্টেম্বর বিক্ষোভ ও সহিংসতায় রণক্ষেত্র হয়ে ওঠে গুইমারার রামেসু বাজার। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সেই সময় গুলিতে তিনজন নিহত হন।