Published : 11 May 2026, 11:42 AM
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটি।
সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বেলা ১২টা পর্যন্ত চলবে।
গত ৯ মে বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় ইউপিডিএফ কর্মী হেগেরা চাকমা তরুণকে (৪৯) হত্যার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি দেওয়া হয়।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, “সকাল থেকে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলতেছে। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”
এদিকে অবরোধের কারণে সকাল থেকে সাজেক সড়কের উজোবাজারসহ বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে ইউপিডিএফ সদস্যদের।

এতে সাজেক-দীঘিনালা ও মারিশ্যা-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি সাজেক পর্যটন কেন্দ্রের পর্যটকবাহী যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।
সাজেকে রিসোর্ট কটেজ মালিক সমিতি সভাপতি সুর্পণ দেব বর্মন বলেন, “অবরোধের কারণে সকাল থেকে কোনো পর্যটনবাহী আসা যাওয়া করতে পারেনি।
“হয়তো দুপুরের পরে স্বাভাবিক হলে পর্যটকবাহী গাড়িগুলো আসা শুরু করবে। বর্তমানে সাজেকে পর্যটকের সংখ্যা একেবারে কম।”