নওগাঁয় ঝড়ে গাছ উপড়ে অন্তঃসত্ত্বা বেদে নারীর মৃত্যু
একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়লে তার নিচে চাপা পড়েন ওই নারী।
নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে বেদে সম্প্রদায়ের তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে ভোরে সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে এ ঘটনা ঘটে বলে নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন।
নিহত নারীর নাম আরাফাতুন; বয়স ২১ বছর।
স্থানীয়রা বলছেন, আত্রাই নদীর তীরে বেদে সম্প্রদায়ের ২৫ থেকে ৩০টি পরিবার পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করে আসছে। ভোরের দিকে হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়লে তার নিচে চাপা পড়েন তিন মাসের অন্তঃসত্ত্বা ওই নারী।
তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “ঝড়ে গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের সার্বিক সহযোগিতার জন্য আশ্বাস দেওয়া হয়েছে।”
