১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে ডেঙ্গুতে প্রাণ হারালেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান

একদিন আগে আলেয়া বেগম জ্বর নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন বলে জানান চিকিৎসক।

রাজবাড়ীতে ডেঙ্গুতে প্রাণ হারালেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান
আলেয়া বেগম রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 10:48 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

রাজবাড়ীতে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সদর উপজেলা পরিষদের সাবেক এক মহিলা ভাইস চেয়ারম্যান মারা গেছেন; যিনি ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ব‌লে জানিয়েছেন রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান।

মৃত আলেয়া বেগম (৪৪) সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাগমারা গ্রামের খোরশেদ আলীর মেয়ে।

চিকিৎসক আব্দুল হান্নান বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জ্বর নিয়ে আলেয়া বেগম হাসপাতালে ভর্তি হন। পরে তার ডেঙ্গু পরীক্ষা করা হয়। 

এদিন দুপুরে পরীক্ষার প্রতিবেদনে তিনি ডেঙ্গু পজিটিভ বলে শনাক্ত হন। তবে পরীক্ষার ফল হাতে পাওয়ার আগেই তার মৃত্যু হয়।

জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরামর্শ দিয়ে চিকিৎসক আব্দুল হান্নান বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের পাশাপাশি পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করতে হবে। 

সেইসঙ্গে মশার কামড় থেকে নিজেকে সুরক্ষা রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।