১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে ‘মাদকের তথ্য’ সংগ্রহে গিয়ে হামলার শিকার র‍্যাব, আহত ৫

১৫ থেকে ২০ জন স্থানীয় যুবক র‍্যাব সদস্যদের পথরোধ করে তাদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 11:23 AM

Updated : 26 Aug 2026, 03:36 PM

নাটোরের লালপুরে মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাব সদস্যরা। এ সময় আহত পাঁচ র‍্যাব সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে পুলিশ। 

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে লালপুরের ঈশ্বরদীর নবীনগর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম।

ঘটনার পরেই হামলায় নেতৃত্ব দেওয়া সোহাগ মাহমুদকে আটক করেছে পুলিশ।  

ওসি শফিকুল ইসলাম বলেন, সাদা পোশাকে নাটোর র‍্যাব ক্যাম্পের ছয় সদস্যের একটি দল মোটরসাইকেল নিয়ে নবীনগর এলাকায় মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করতে যায়। 

এসময় সোহাগ মাহমুদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন স্থানীয় যুবক র‍্যাব সদস্যদের পথরোধ করে তাদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। বাগবিতণ্ডার একপর্যায়ে র‍্যাব সদস্যদের উপর হামলা চালায় তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের সঙ্গেও তর্কে জড়ায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

পরে আহত পাঁচ র‍্যাব সদস্যকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, আহতদের মধ্যে চারজন শারীরিক আঘাতজনিত কারণে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। মো. শাহীন হোসেন নামের এক র‍্যাব সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন। 

র‌্যাবের সিপিসি-২ নাটোরের ডিএডি নুরুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে কয়েকজন সদস্য তথ্য সংগ্রহ করতে সেখানে গিয়ে হামলার শিকার হয়েছেন।  এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।