‘মাছ খাওয়ায়’ বিড়ালকে গলা কেটে হত্যা, নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ
“বটি দিয়ে বিড়ালটির গলা কেটে হত্যা এবং বুক চিড়ে নাড়ি-ভুঁড়ি বের করে ফেলে দেন।”
বগুড়ার আদমদীঘি উপজেলায় ‘মাছ খেয়ে ফেলায়’ একটি বিড়ালের গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে ‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের’ সদস্য এমরান হোসেন বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেন।
আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি; বিড়ালটির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”
অভিযোগের মুখে থাকা ২৬ বছর বয়সী ওই নারীর নাম বুলবুলি। তিনি আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়ীয়া গুচ্ছগ্রামের খোকার মেয়ে।
অভিযোগের বরাতে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “কয়েকদিন আগে বুলবুলির বাড়িতে একটি বিড়াল প্রবেশ করে একটি মাছ খেয়ে ফেলে। মঙ্গলবার দুপুরে ওই বিড়ালটি আবারও তার বাড়িতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ধরে ফেলেন।
“এরপর বটি দিয়ে বিড়ালটির গলা কেটে হত্যা এবং বুক চিরে নাড়ি-ভুঁড়ি বের করে বাড়ির পাশের একটি ধান ক্ষেতে ফেলে দেন। বিষয়টি জানার পর প্রতিবেশী শামছুন্নাহার মিনা বিড়ালটির মরদেহ তার বাড়িতে নিয়ে এসে থানায় খবর দেন।”
প্রতিবেশী শামছুন্নাহার মিনার স্বামী ইসাহাক বলেন, একমাস আগে তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। সঙ্গে তার ছয়টি পোষা বিড়ালও নিয়ে আসেন। যে বিড়ালটিকে হত্যা করা হয়েছে, সেই বিড়ালটি তার বিড়ালগুলোর সঙ্গেই থাকতো।
তিনি বলেন, “সোমবার হঠাৎ বিড়ালটিকে বুলবুলি নামের ওই নারী ক্ষিপ্ত হয়ে নিষ্ঠুরভাবে হত্যা করেন। এরপরই আমি বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে বিষয়টি জানাই।”
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির আহমেদ বলেন, “বিষয়টি খুবই মর্মান্তিক এবং এটি অপরাধ। প্রাণীর প্রতি নির্দয় আচরণে আইনে জেল-জরিমানার বিধান আছে।”
বিড়ালটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
