১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামালপুরে পরিমাপে কম দেওয়ায় পাম্প মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 08:30 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

জামালপুর শহরে পরিমাপে কম জ্বালানি দেওয়ায় একটি পাম্প মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বিকালে শহরের খাঁজা পেট্রোলিয়াম পাম্পে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।

তিনি বলেন, জেলার পাম্পগুলোতে অনিয়ম রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে শহরের খাজা পেট্রোলিয়াম পাম্পে পাঁচ লিটার পেট্রোলে ৫৭০ এমএল কম ও প্রতি লিটার ডিজেলে ১৭০ এমএল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

পরে জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাম্প মালিক রাফিউর রহমান সৌরভকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক মালিক জরিমানার টাকা পরিশোধ করেন। 

জরিমানার পাশাপাশি পাম্প মালিককে নিয়ম মেনে জ্বালানি সরবরাহ করতে সতর্ক করা হয় বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা শরিফুল ইসলাম।