নারায়ণগঞ্জে জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২ তরুণ
গ্রেপ্তাররা জাতীয় পতাকা বিকৃত করে কালেমা সংযুক্ত পতাকা তৈরি করে অনলাইন পেইজের মাধ্যমে বিক্রি করতেন বলে ভাষ্য পুলিশের।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় পতাকার সঙ্গে আরবি অক্ষরে কালেমা যুক্ত করে অনলাইনে বিক্রির অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।
এর আগে বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাওলানা এরশাদ আলীর ছেলে মো. নিয়ামক উল্লাহ (২৫) এবং শেরপুর সদর উপজেলার চান মিয়ার ছেলে সিদ্দিক (২৬)।
পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিতালি মার্কেট এলাকায় ওই দুই তরুণ আরবি অক্ষরে কালেমা লেখা জাতীয় পতাকা তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করতেন।
সম্প্রতি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় তাদের তৈরি এ ধরনের পতাকা উড়তে দেখা যাওয়ায় সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি এমদাদুল হক বলেন, “জাতীয় পতাকা বিকৃত করে কালেমা সংযুক্ত পতাকা তৈরি করে অনলাইন পেইজের মাধ্যমে বিক্রি করা হচ্ছিল। এ কার্যক্রমের পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি-না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
