Published : 17 Nov 2024, 01:26 PM
গাজীপুরের শ্রীপুরে বাস চাপায় নারী শ্রমিক ও বাংলাবাজার এলাকায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হয়েছেন।
এর মধ্যে রোববার সকাল সাড়ে ৭টার দিকে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হন বলে জানিয়েছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার এসআই সাইফুল ইসলাম।
নিহত নিলয় সরকার গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর গ্রামের নির্মল সরকারের ছেলে। তিনি পুবাইলের ম্যাটসের প্রথম বর্ষের ছাত্র।
এসআই সাইফুল বলেন, রোববার সকাল সাড়ে ৭টার দিকে খাসির মাংস কেনার জন্য মোটরসাইকেল নিয়ে বাহাদুরপর থেকে বাংলাবাজার সড়ক ধরে রাজেন্দ্রপুর আরপি গেইট এলাকায় যাচ্ছিলেন নিলয়।
পথে রাজেন্দ্রপুর থেকে বাংলাবাজারমুখী এক অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এসআই আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে গাজীপুরের শ্রীপুরে নতুন বাজারে মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী।
নিহত মোছা. বিলকিছ আক্তারের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি থানার মালিয়াপাড়া গ্রামে। তিনি ভবানীপুর এলাকায় এলাকার ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে জুনিয়র অপারেটর ছিলেন।
ওসি আইয়ুব আলী জানান, রোববার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। সেসময় ওই নারী শ্রমিক মহাসড়ক পার হচ্ছিলেন। তখন শেরপুর থেকে ঢাকাগামী আমানি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।