Published : 22 Jun 2025, 02:50 PM
মাছ চুরি ঠেকাতে পুকুর ঘিরে বিদ্যুতায়িত বেড়া বসানো হয়েছিল। সেই বেড়ায় স্পর্শ করে প্রাণ হারিয়েছেন এক কৃষক।
রোববার সকালে চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঝরি গ্রামে এ ঘটনা ঘটে বলে দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান।
মৃত চাঁন মিয়া (৩০) উপজেলার বেগমপুর ইউনিয়ন এর ঝাঝরি গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা সাহেব আলীর ছেলে।
তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।
স্থানীয়রা বলছেন, একই গ্রামের আব্বাস আলী কেরু অ্যান্ড কোম্পানির একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। মাছ চুরি ও শিয়াল-কুকুরের আক্রমণ ঠেকাতে তিনি পুকুরের চারপাশে জিআই তার টানিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন।
সকালে চাঁন মিয়া মাঠে কৃষিকাজে যাওয়ার পথে ওই পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতায় বিদ্যুতায়িত সেই তারে হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি শহীদ তিতুমীর জানান।