০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

৫ পরীক্ষার্থীর কেউ পাস করেনি, বিদ্যালয়ে শিক্ষক ৮ জন

কিশোরগঞ্জের এই বিদ্যালয়ের ফল বিপর্যয়ের কারণ জানতে শিক্ষকদের শোকজ করবে শিক্ষা কার্যালয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 04:26 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।

উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন আটজন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির বলেন, এবার মানবিক বিভাগ থেকে পাঁচ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই পাস করতে পারেনি।

শিক্ষার্থীর তুলনায় শিক্ষক বেশি থাকার পরও কেউ পাস না করায় শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া।

তিনি বলেন, শিক্ষকদের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়টি পরিদর্শন করে লেখাপড়ার মান উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ফল বিপর্যয়ের কারণ খুঁজে বের করতে তদন্তের দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

অভিভাবক ও স্থানীয় বাসিন্দা হাবীবুর রহমান ভূঁইয়া বলেন, শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় প্রত্যেকের প্রতি আলাদাভাবে নজর দেওয়ার সুযোগ থাকার কথা। কিন্তু ফলাফল দেখে শিক্ষকদের দায়িত্ব পালনে ঘাটতি রয়েছে বলে মনে হচ্ছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ বের করার দাবি জানান হাবীবুর রহমান।