২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শ্রমিকরা জানান, বেতন-বার্ষিক পরীক্ষার ফি দিতে না পারায় অনেক শ্রমিকের স্কুল-কলেজ পড়ুয়া সন্তান পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2024, 02:56 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন এক পোশাক কারখানার শ্রমিকরা।  এতে ওই সড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মাহমুদ জিন্স কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করেন বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ। 

শ্রমিকেরা জানান, কারখানা কর্তৃপক্ষ বেতন-বকেয়া পাওনাদি পরিশোধের আশ্বাস দিয়ে প্রায় দুই মাস ধরে শ্রমিকদের সাথে প্রতারণা করে আসছে। তাই তিন মাসের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে তারা মহাসড়কে নামতে বাধ্য হয়েছেন। 

আন্দোলনরত কয়েকজন শ্রমিক বলেন, তিন মাসের বেতন বকেয়া থাকায় তারা বাসা ভাড়া দিতে পারছেন না। দোকানের বকেয়া পরিশোধ না করায় এখন আর বাকি সদাই দিতে চায় না দোককনদার। 

শিক্ষা প্রতিষ্ঠানের বেতন বার্ষিক পরীক্ষার ফি দিতে না পারায় অনেক শ্রমিকের স্কুল-কলেজ পড়ুয়া সন্তান পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি বলেও জানান তারা। এতে ওইসব শিক্ষার্থীদের জীবনে একটি বছর পেছনে পড়তে হয়েছে।

দুপুর পৌনে ২টার দিকে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য বুঝানো হচ্ছে। কিন্তু তারা পাওনা না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়তে রাজি হচ্ছেন না। 

নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন জানান, চন্দ্রা এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।