২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পল্লী বিদ্যুতের চুরি যাওয়া তার মিলল যুবদল নেতার বাড়িতে

শতাধিক মিটার তার উদ্ধার করা হয় বলে জানান নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম।

পল্লী বিদ্যুতের চুরি যাওয়া তার মিলল যুবদল নেতার বাড়িতে
নরসিংদীর পল্লী বিদ্যুতের চুরি যাওয়া তার উদ্ধার করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2025, 09:13 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

নরসিংদীতে পল্লী বিদ্যুতের চুরি হওয়া তার স্থানীয় এক যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামের মো. ইমান হোসেনের বাড়ি থেকে শতাধিক মিটার তার উদ্ধার করে বলে জানান নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম।

ইমান হোসেন হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব; পাশাপাশি তিনি ওই ইউনিয়ন পরিষদের সদস্য।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে বদরপুর এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে ১০৫ মিটার ৩৩ কেভি সঞ্চালন লাইনের তার চুরি হয়। এগুলো সংযোগবিহীন অবস্থায় বর্ধিত সঞ্চালন লাইনে ছিল।

গোপনে খবর পেয়ে পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পল্লী বিদ্যুৎ যুবদল নেতা ইমান হোসেনের বাড়িতে অভিযান চালায় এবং তারগুলো উদ্ধার করে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। 

এ বিষয়ে জানতে যুবদল নেতা মো. ইমান হোসেনের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। 

এ বিষয়ে হাজিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল কবির ভূঁইয়া বলেন, “ইমান হোসেন ছাড়াও এ ঘটনায় স্থানীয় রাকিব (২২), পাপন (৩২) ও মোবারক (৩৪) সহ কয়েকজন জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর উপস্থিতিতে উদ্ধার করা তারগুলো পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। সরকারি জিনিসপত্র চুরি করার সুযোগ নেই, সেটা ক্ষুদ্র কিংবা বৃহৎ হোক।”

নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ঊর্ধ্বতনদের সঙ্গে পরামর্শ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।