১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

“গাজীপুর-৬ আসন বাতিলের পর সাধারণ ভোটারদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।”

গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুরের টঙ্গী কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে টঙ্গী কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। 

টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহিদুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাদের এই কর্মর্সচি চলে।   

বিক্ষোভকারীরা টঙ্গী কলেজগেট, এশিয়া পাম্প, গাজীপুরা এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ তৈরি করে।

ফলে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। এ সময় বিক্ষুব্ধরা হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের পদত্যাগ দাবি করেন।‎

নির্বাচন কমিশন সম্প্রতি বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে কমিয়ে তিনটি সংসদীয় আসন করে গেজেট প্রকাশ করে। অন্যদিকে গাজীপুর জেলার পাঁচটি আসনের মধ্যে- ২ নম্বর আসনটি ভাগ করে গাজীপুর-৬ এর গেজেট করে।

বাগেরহাটবাসী আসন ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। দীর্ঘ শুনানির পর ১০ নভেম্বর হাইকোর্ট গাজীপুর-৬ আসনের গেজেট বাতিল করে বাগেরহাটের আসন পুনর্বহালের রায় ঘোষণা করেন। এই রায়কে কেন্দ্র করে দুদিন ধরে টঙ্গী ও গাজীপুর-২ এলাকায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।

বিক্ষোভকারীরা বলছেন, আসন ফিরিয়ে দেওয়ার ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

টঙ্গী কলেজ গেট এলাকার ব্যবসায়ী নূরুল ইসলাম বলেছেন, “গাজীপুর-৬ আসন বাতিলের পর সাধারণ ভোটারদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এই আসনকে কেন্দ্র করে এ এলাকায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল।

“এ আসন বাতিল করায় লাখ লাখ ভোটাররা অনেক কষ্ট পেয়েছেন।”

বিএনপির কেন্দ্রীয় কমিটি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, “এ আসন বাতিল করায় আমাদের অধিকারকে খর্ব করা হয়েছে। এতে শুধু রাজনৈতিক নেতাকর্মীরা নয় এলাকার সর্বস্তরের মানুষ বিক্ষুব্ধ। তাই সর্বস্তরের মানুষ আজ ওই আসর পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছে।”

অবরোধের সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফিজুল রহমান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু, আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির আহমেদ, বিএনপি নেতা জসিম উদ্দিন বাট, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর নজরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের বিভিন্নস্তরের নেতারা উপস্থিত ছিলেন।