Published : 08 Jul 2025, 09:29 PM
লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা করে সাজা পাওয়া আসামি ছিনতাই এবং হাতীবান্ধা থানা অবরোধের আলাদা মামলায় নতুন করে বিএনপির আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান।
এ ঘটনায় দুই মামলায় গ্রেপ্তারের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে; যাদের বেশিরভাগ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম এবং দহগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি মতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মাইদুল ইসলামকে গ্রেপ্তার হয়েছে।
পুলিশ জানায়, পাটগ্রাম থানার মামলায় এখন পর্যন্ত ১৪ জন এবং হাতীবান্ধা থানার মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে পাটগ্রাম থানা থেকে ছিনিয়ে নেওয়া দণ্ড পাওয়া আসামি বেলাল হোসেন ও সোহেল রানাও রয়েছেন।
এর আগে ৩ জুলাই রাতে পাটগ্রামে বালু-পাথর পরিবহন করা গাড়িতে ‘টোল আদায়ের’ নামে চাঁদাবাজির অভিযোগে বেলাল ও সোহেলকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও উত্তম কুমার দাস।
তাদের থানায় নেওয়ার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে ও গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয় বলে জানায় পুলিশ।
ঘটনার খবর পেয়ে হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত পুলিশ পাটগ্রামে যেতে চাইলে থানা অবরুদ্ধ করে রাখেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় আলাদা দুটি মামলা করে পুলিশ।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় যারা জড়িত, তাদের সবার পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।”
পাটগ্রাম থানায় হামলা: ছিনিয়ে নেওয়া আসামিসহ গ্রেপ্তার ৫
পাটগ্রাম থানায় হামলা: বিএনপির দুই নেতা বহিষ্কার, গ্রেপ্তার ৯
পাটগ্রামে হামলার সময় হাতীবান্ধা থানা অবরোধ: বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা
পাটগ্রাম থানায় হামলা, ছিনিয়ে নেওয়া হল দুই আসামিকে
লালমনিরহাটে থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাই, পুলিশসহ আহত ২০