Published : 02 Jul 2026, 02:37 PM
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের ধাক্কায় এক যুবকের প্রাণ গেছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানিয়েছেন।
নিহত ২৮ বছর বয়সী আলাউদ্দিন খান কাশিয়ানীর সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোপা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ খানের ছেলে।
ওসি হেলাল উদ্দিন বলেন, “ঢাকা-খুলনা মহাসড়কের পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস ওই যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।”
বাসটি আটক করা গেলেও দুর্ঘটনার পরপর চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
তিনি বলেন, নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।