Published : 07 Jun 2026, 06:48 PM
কুষ্টিয়া শহরে শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ড চরমিলপাড়ায় এ ঘটনা ঘটে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি মো. কবীর হোসেন মাতুব্বর জানিয়েছেন।
পিটুনির শিকার ৪২ বছর বয়সী আসাদুল ওই এলাকার ফজলু সর্দারের ছেলে বলে জানায় পুলিশ।
ওসি কবীর হোসেন বলেন, “ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী আসাদুলকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটুনি দেয়।
“খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
এলাকাবাসী বলছে, শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে আশাদুল তাকে স্থানীয় একটি স্কুল কক্ষে নিয়ে যান। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আশাদুলকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে দলবেঁধে পিটুনি দেয়।
এদিকে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. ইকবাল হাসান।
এ চিকিৎসক বলেন, “প্রাথমিকভাবে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদন হাতে পেলে ধর্ষণের বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।”
ওসি কবীর হোসেন বলেন, “আসাদুলকেও উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালে ভর্তি শিশুটির পরিবার এবং চিকিৎসকের সঙ্গে কথা বলে খোঁজখবর নিচ্ছে পুলিশ।”
তিনি বলেন, “ঘটনার জেরে সৃষ্ট জনরোষ ঠেকাতে হাসপাতালসহ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এবং তদন্ত শুরু করেছে পুলিশ।”